সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি মিন্টু, সম্পাদক জাহিদুল

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | ১০:২৯ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়া উপজেলা অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী হাবিব উদ্দিন মিন্টু এবং সাধারণ সম্পাদক পদে জাহিদুল ইসলাম বিজয়ী হয়েছেন। রোববার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে বিকেলে এই ফলাফল ঘোষণা করা হয়।

রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে অবস্থিত অ্যাসোসিয়েশন কার্যালয়ে ভোটগ্রহণ চলে। নির্বাচনে সংগঠনের ৭৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সভাপতি পদে হাবিব উদ্দিন মিন্টু ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম ছরওয়ার পেয়েছেন ২৭ ভোট। প্রসঙ্গত, হাবিব উদ্দিন মিন্টু এর আগেও তিনবার এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

কমিটির অন্যান্য পদের মধ্যে প্রথম সহসভাপতি ওমর ফারুক, দ্বিতীয় সহসভাপতি সাইদুর রহমান জিকু, জেলা প্রতিনিধি আশিকুল বছির নকিব এবং আপ্যায়ন সম্পাদক ডলি সিদ্দিকী ভোটে বিজয়ী হয়েছেন। এছাড়া জুনিয়র সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাকিব উল্লাহ এবং সিনিয়র সদস্য পদে জয়ী হয়েছেন মোহাম্মদ ইদ্রিছ আলম।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন— সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুপ, পাঠাগার সম্পাদক মো. আমিনুল এহেছান এবং সিনিয়র সদস্য ফয়জুল কবির।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. নুরুল হুদা, সহকারী নির্বাচন কমিশনার এসএম হেফাজ উদ্দিন ও মো. রায়হান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।