
চট্টগ্রামের ফটিকছড়িতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সাফায়েত আব্দুল্লাহ নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাগাজীর দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাফায়েত উপজেলার পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া গ্রামের বাকর আলী মিয়াজির বাড়ির সালাহউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শিশু সাফায়েত পেলাগাজীর দিঘী এলাকায় মহাসড়কের পাশে বসা একটি মেলায় যাচ্ছিল। এ সময় রাস্তা পার হওয়ার সময় বিবিরহাটগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে রাস্তার ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ শাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।