
ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা সরকারি প্লট কিংবা শুল্কমুক্ত গাড়ির সুবিধা না নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে অনুষ্ঠিত দলের সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জনগণের অর্থ সাশ্রয় এবং রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের পরপরই এই বৈঠকে মিলিত হন। সেখানে সিদ্ধান্ত হয়েছে, বিএনপির কোনো এমপি রাষ্ট্রীয়ভাবে কোনো প্লট বরাদ্দ নেবেন না এবং এমপি হিসেবে প্রাপ্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগও গ্রহণ করবেন না।
এর আগে একই ধরনের ঘোষণা দিয়েছিল নির্বাচনে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হওয়া জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান নির্বাচনী প্রচারণার সময়ই প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাদের দল থেকে একজন এমপিও যদি নির্বাচিত হন, তবে তিনি কোনোভাবেই রাষ্ট্রীয় প্লট বা শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবেন না। বিএনপির আজকের সিদ্ধান্তের মাধ্যমে সংসদের প্রধান দুটি পক্ষই এমপিদের প্রচলিত ‘ভিআইপি’ সুবিধা বর্জনের বিরল দৃষ্টান্ত স্থাপন করল।
রাজনীতিতে এমপিদের প্লট ও শুল্কমুক্ত গাড়ি নেওয়া নিয়ে দীর্ঘদিনের সমালোচনার প্রেক্ষাপটে নতুন সরকারের যাত্রালগ্নেই এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। শপথ গ্রহণের দিনই বিএনপির এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।