
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কৃষি উৎপাদন বাড়াতে ৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও উন্নত মানের হলুদ বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ২০২৫–২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় এই সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম। এ সময় প্রত্যেক নির্বাচিত কৃষককে ১০০ কেজি করে হলুদ বীজ এবং ৫ কেজি করে এমওপি (MOP) ও ডিওপি (DOP) সার প্রদান করা হয়। বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মকর্তারা তাদের বক্তব্যে বলেন, পাহাড়ি এলাকার উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া হলুদ চাষের জন্য অত্যন্ত উপযোগী। খাগড়াছড়ির হলুদের দেশব্যাপী আলাদা সুনাম রয়েছে। মসলাজাতীয় এই অর্থকরী ফসলে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী উপাদান থাকায় বাজারে এর ব্যাপক চাহিদাও রয়েছে। তাই কৃষকদের আরও বেশি করে হলুদ চাষে আগ্রহী হওয়ার আহ্বান জানান তারা।
সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারাবুনিয়া এলাকার কৃষক শান্তি জয় চাকমা। তিনি বলেন, সরকারি এই সহায়তা পাওয়ায় চাষের খরচ অনেকটাই কমে আসবে। ফলন ভালো হলে লাভও বেশি হবে বলে আশা করছি। ভবিষ্যতে আরও বেশি জমিতে হলুদ চাষ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেই সরকার নিয়মিত এ ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে।