সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুব খারাপ, সংস্কার জরুরি: আমীর খসরু

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | ২:০৪ অপরাহ্ন


বাংলাদেশে আর পৃষ্ঠপোষকতার রাজনীতি বা অর্থনীতি চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অর্থনীতিকে গুটিকয়েকের হাত থেকে মুক্ত করে ‘গণতান্ত্রিক’ করার ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে নিজের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দায়িত্ব নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমীর খসরু বলেন, ‘‘বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে। এখানে একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ থাকতে হবে, যাতে দেশের প্রতিটি মানুষের অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ থাকে এবং এর সুফল তারা পায়।’’

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থাকে ‘খুবই খারাপ’ হিসেবে অভিহিত করে নতুন অর্থমন্ত্রী বলেন, ‘‘আমাদের প্রথম কাজ হবে এই ইনস্টিটিউশনগুলোকে পুনরুদ্ধার করা (রিকভার)। প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও দক্ষতা (এফিসিয়েন্সি) ফিরিয়ে আনতে হবে। কারণ, এগুলোর অনুপস্থিতিতে আমরা যত বড় কর্মসূচিই নিই না কেন, তা কাজে আসবে না।’’

অতিরিক্ত নিয়ন্ত্রণের সমালোচনা করে আমীর খসরু বলেন, পৃষ্ঠপোষকতার রাজনীতি করতে গিয়ে বাংলাদেশ একটি ‘ওভার রেগুলেটেড’ (অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক) দেশে পরিণত হয়েছে। অর্থনীতিকে সফল করতে হলে ‘সিরিয়াস ডি-রেগুলেশন’ বা নিয়ন্ত্রণ কমাতে হবে এবং উদারীকরণ করতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, ‘‘একটি পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না। সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে, যাতে অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছায়।’’