
পবিত্র রমজান মাস সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে এ অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং সড়কে যানজট সৃষ্টির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইনে এই দণ্ড দেওয়া হয়।
অভিযানে মেসার্স ইউনুস মেহের টাইলসকে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স পাল স্টোরকে ৫ হাজার, জনপ্রিয় স্টোর, এস.বি. স্টোর ও সালেহ পোল্ট্রিকে ২ হাজার টাকা করে এবং নন্দী স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে সড়কে যানজট সৃষ্টি ও আইন অমান্য করায় মো. তারিক ও মো. মহিউদ্দিনকে ২ হাজার টাকা করে এবং মো. হানিফ ও মো. মনিরকে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে হাটহাজারী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।