সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় মারসা বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | ৫:৩৭ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির যাত্রীবাহী বাস ও পিকআপের (মিনি ট্রাক) মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উত্তর হারবাংয়ের (কলাতলী) জাইল্ল্যার ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মো. আরিফুল আমিন জানান, সকালে মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। বাসটি জাইল্ল্যার ঢালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি মহাসড়কের দুই পাশে ছিটকে পড়ে এবং মারসা পরিবহনের দুই যাত্রী আহত হন।

মো. আরিফুল আমিন আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়, যার কারণে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে হাইওয়ে থানায় আনা হয়েছে। তবে দুই গাড়ির চালক ও সহকারী (হেলপার) ঘটনার পর পরই পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।