
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়ির বহর।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের কুতুপালং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ওজিল বা প্রতিনিধিদলের কেউ আহত না হলেও বহরের একটি গাড়ির ধাক্কায় একটি মোটরচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায় এবং এর চালক আহত হন। তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় জানা যায়নি।
উখিয়ার শাহপরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে সাবেক ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ানের গাড়িবহরটি ভিআইপি প্রটোকল ভেঙে হঠাৎ একটি মোটরচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়ায়।
দুর্ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং আহত চালককে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধিদলটি রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে। বিকেলে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে ফুটবল খেলেন মেসুত ওজিল এবং সন্ধ্যায় তাদের সঙ্গে ইফতারে অংশ নেন।