সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

শপথের পর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরী, দিলেন ওয়াদা বাস্তবায়নের তাগিদ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭:৪৮ অপরাহ্ন


বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে গিয়ে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এখন তা বাস্তবায়নের সময় এসেছে। এ জন্য দলের দায়িত্বশীলদের কঠোর পরিশ্রম করতে হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সাতকানিয়ার ইসলামী সেন্টার মিলনায়তনে উপজেলা জামায়াতের দায়িত্বশীলদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এ কথা বলেন। বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পর ঢাকা থেকে ফিরে এটিই ছিল দলীয় নেতাকর্মীদের সঙ্গে তাঁর প্রথম মতবিনিময় সভা।

শাহজাহান চৌধুরী বলেন, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা কঠোর পরিশ্রম করে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করেছেন। সংগঠনের প্রত্যেক কর্মীকে একেকজন এমপির মতো দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মানুষের আস্থা অর্জনই হবে প্রধান লক্ষ্য। জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে সেবার মানসিকতা নিয়ে কাজ করলে প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।

সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি তারেক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী।

সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া জামায়াতের সাবেক আমির ও সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. নুরুল হক, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের মজলিসে শুরার সদস্য এম ওয়াজেদ আলী, সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, নায়েবে আমির মো. শাহ আলম, সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীর আলম, সাতকানিয়া জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া শাখার সভাপতি মো. ইউনুছ এবং ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি আসহাব উদ্দিন।