
সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে ৫৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ডের গণমাধ্যম শাখার কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুলসংখ্যক ব্যক্তি টেকনাফের বাহারছড়া সমুদ্র এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ডের তিনটি দল ওই এলাকায় বিশেষ অভিযান শুরু করে।
অভিযান চলাকালে সাগরে একটি সন্দেহজনক ট্রলারকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রলারটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ট্রলারটি আটক করতে সক্ষম হন।
পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ মোট ৫৫ জনকে উদ্ধার করা হয়। এ সময় পাঁচজন মানবপাচারকারীকে আটক করা হয় বলে কোস্ট গার্ডের গণমাধ্যম শাখার কর্মকর্তা জানান।
উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনে চাকরি এবং অল্প খরচে বিদেশযাত্রার প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।