সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রশাসনের বিনম্র শ্রদ্ধা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ২১ ফেব্রুয়ারী ২০২৬ | ১২:১২ অপরাহ্ন


অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বায়ান্নর ভাষা আন্দোলনের সকল শহীদের স্মরণে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, থানা পুলিশ প্রশাসন, হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে চকরিয়া বিমানবন্দরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। পুষ্পস্তবক অর্পণ শেষে ইউএনও শাহীন দেলোয়ার এবং উপজেলা প্রশাসনের উপস্থিত কর্মকর্তারা ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. জায়নুল আবেদিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহফুজুল ইসলাম, চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক জুবাইদুল হক, ইউপি সচিব ফয়সাল উদ্দিন আহমদ এবং মোহাম্মদ সালাহউদ্দিন কাদের প্রমুখ।

পরে চকরিয়া থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশ ও থানার ওসি মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর চকরিয়া পৌরসভার প্রশাসক হিসেবে ইউএনও শাহীন দেলোয়ার পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। একই সময়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. জায়নুল আবেদিন ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজন ত্রিপুরার নেতৃত্বে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন।