
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর ফলে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায়, যা আগে ছিল ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাজুসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম এদিন সকাল সোয়া ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ার কারণেই নতুন করে এই দাম সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায় বিক্রি হবে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৭০৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৪ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।