
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী এলাকায় সংসদ সদস্যের দ্রুতগামী গাড়িবহরের ধাক্কায় মো. খালেদ বিন ওয়ালিদ নামের সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকায় সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশু মো. খালেদ বিন ওয়ালিদ বদরখালী ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকার প্রবাসী আমানুল ইসলাম ও সুমাইয়া দম্পতির সন্তান। মো. খালেদ বিন ওয়ালিদ স্থানীয় একটি নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে সড়ক পারাপারের সময় সংসদ সদস্যের দ্রুতগতির গাড়িবহরের একটি গাড়ি হঠাৎ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর জখম হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ তার নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় শেষে মহেশখালী ফিরছিলেন। ফেরার পথে তার গাড়িবহরটি বদরখালীর আহমদ কবিরের ঘাটা এলাকা অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। গাড়িবহরের ধাক্কায় শিশু মো. খালেদ বিন ওয়ালিদ গুরুতর আহত হয় এবং পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে। স্থানীয়রা জানান, ক্ষুব্ধ এলাকাবাসী সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের কয়েকটি যানবাহন আটকে ব্যাপক ভাঙচুর চালায়। এই উত্তেজনাকর পরিস্থিতিতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, বদরখালীতে গাড়িচাপায় এক শিশুর মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে বর্তমানে ছুটিতে থাকায় বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি বলে মোহাম্মদ মনির হোসেন উল্লেখ করেন।