সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সেনাবাহিনীতে বড় রদবদল: সিজিএস মাইনুর, পিএসও মুশফিকুর রহমান

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২২ ফেব্রুয়ারী ২০২৬ | ১১:০৪ অপরাহ্ন


বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। এর মধ্যে সদর দপ্তরের নতুন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হয়েছেন সদ্য পদোন্নতি পাওয়া লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। রোববার সেনা সদর দপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, আগে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে (আর্টডক) দায়িত্ব পালন করছিলেন মো. মাইনুর রহমান। নতুন আদেশে তাকে সদর দপ্তরের চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস করা হয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে। এই পদোন্নতির পর মীর মুশফিকুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে এত দিন দায়িত্ব পালন করে আসছিলেন লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। আদেশে এস এম কামরুল হাসানকে আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি) থেকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

পাশাপাশি ৫৫ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের (ইবিআরসি) কমান্ড্যান্ট হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আর ইবিআরসির মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিমকে করা হয়েছে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি।

ভারতে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানও পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হওয়া মো. হাফিজুর রহমানকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে সেনা সদর দপ্তরের আদেশে বলা হয়েছে।

এই ছয়টি গুরুত্বপূর্ণ পদের বাইরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক পদেও রদবদল হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ওই সূত্রগুলোর দেওয়া তথ্যমতে, ডিজিএফআইয়ের বর্তমান মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বদলি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হচ্ছে। আর এম অ্যান্ড কিউ পরিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক করা হচ্ছে।