
চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় একটি ছয়তলা আবাসিক ভবনের গ্যাসলাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন।
সোমবার ভোর পৌনে ৬টার দিকে হালিশহর থানার আবাহনী ক্লাব মাঠের সামনের ওই ভবনের তৃতীয় তলায় এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত সবাইকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোলরুমের দায়িত্বরত কর্মকর্তা এই বিস্ফোরণ ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধ ৯ জনের মধ্যে আটজনের পরিচয় ইতোমধ্যে জানা গেছে বলে হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে নিশ্চিত করা হয়েছে। দগ্ধরা হলেন— শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আনাস (৭), আইমান (৯), শাখাওয়াত (৪৬), পাখি (৩৫) এবং চার বছরের শিশু আয়েশা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, সোমবার ভোর পৌনে ৬টার দিকে ওই ভবনের তৃতীয় তলায় গ্যাসলাইনের লিকেজ থেকে হঠাৎ এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই ভবনটিতে আগুন ধরে যায়।
মো. জসিম উদ্দিন আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা নিজেদের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
স্থানীয়রা জানান, ভোরের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
অগ্নিকাণ্ডে ঠিক কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির বিস্তারিত পরিমাণ পরে জানা যাবে।