
কুমিল্লা থেকে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) নুরুল আমিন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে অন্য একটি গাড়িকে বাঁচাতে গিয়ে তার গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা সংসদ সদস্য নুরুল আমিনকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জানা গেছে, দুর্ঘটনায় তিনি মাথা, মুখ ও কোমরে আঘাত পেয়েছেন।
ঘটনার বিস্তারিত জানিয়ে বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, মঙ্গলবার সকালে একটি ব্যবসায়িক কাজে কুমিল্লা গিয়েছিলেন সংসদ সদস্য নুরুল আমিন। সেখান থেকে ফেরার পথে দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় পৌঁছালে অন্য একটি গাড়িকে বাঁচাতে গিয়ে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে সজোরে ধাক্কা দেয়। এতে সংসদ সদস্য নুরুল আমিন মুখ, মাথা ও কোমরে আঘাত পান।
দিদারুল আলম মিয়াজী আরও জানান, দুর্ঘটনার পর তারা তাকে প্রথমে বারইয়ারহাট পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হচ্ছে বলে দিদারুল আলম মিয়াজী নিশ্চিত করেন।
বারইয়ারহাট পৌর সদরের কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার বেলা ৩টা ৪০ মিনিটে সংসদ সদস্য নুরুল আমিনকে তাদের হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। নিজাম উদ্দিন আরও জানান, দুর্ঘটনায় সংসদ সদস্য নুরুল আমিনের মুখ, মাথা ও কোমরে আঘাত লেগেছে।