সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় ৩ সাংবাদিকের ওপর হামলা, ২৪ ঘণ্টার মধ্যে বালু সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | ৭:৩৩ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনকারীদের দ্বারা তিন সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় চকরিয়া পৌর শহরের নিউমার্কেট এলাকায় স্থানীয় সাংবাদিক সমাজের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.আর মাহমুদ-এর সভাপতিত্বে এবং সাংবাদিক এম.মনছুর রানার সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত সহকারী এবং পেকুয়া প্রেসক্লাবের সভাপতি মো. ছফওয়ানুল করিম।

প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. ছফওয়ানুল করিম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। পেশাদার সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে চকরিয়া থানার ওসিকে প্রধান অভিযুক্ত অপরাধী নাজেম উদ্দিনসহ ঘটনার সঙ্গে জড়িত সব সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দায়ের ও তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।

ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকারও আহ্বান জানান মো. ছফওয়ানুল করিম।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন চকরিয়ার সিনিয়র সাংবাদিক এম.ওমর আলী, আবদুল মজিদ, এস.এম হানিফ, সাইফুল ইসলাম খোকন, মিজবাউল হক, বেলাল উদ্দিন বেলাল, মোহাম্মদ উল্লাহ, পেকুয়ার সাংবাদিক মোহাম্মদ ফারুক, মোহাম্মদ দিদার, নেজাম উদ্দিন, চকরিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুকুল কান্তি দাশ, বি.এম হাবিব উল্লাহ, সাইফুল ইসলাম সাঈফ, ইউসুফ বিন হোসাইন, রাজু দাশ, আলাউদ্দিন আলো এবং মনিরুল ইসলাম।

সমাবেশে উপস্থিত সাংবাদিকরা অভিযোগ করে বলেন, হারবাং ইউনিয়নের ইছাছড়ি খালসহ বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় থেকে মাটি পাচারসহ নানা অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে নাজেম উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী। স্থানীয় লোকজন ভয়ে এদের বিরুদ্ধে টুঁ শব্দ করারও সাহস পাচ্ছে না।

এর আগে গত রোববার বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হারবাং ইছাছড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে গিয়েছিলেন একুশে পত্রিকা ও দৈনিক সংবাদের চকরিয়া প্রতিনিধি এম.জিয়াবুল হক, দৈনিক কালের কণ্ঠ ও আজাদীর চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ এবং দৈনিক আমার দেশ ও পূর্বদেশের চকরিয়া প্রতিনিধি ইকবাল ফারুক।

এ সময় সন্ত্রাসী নাজেম উদ্দিনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী এই তিন সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় এম.জিয়াবুল হকের ডান হাত ভেঙে যায় এবং ছোটন কান্তি নাথ ও ইকবাল ফারুকের মাথায় ও হাতে গুরুতর জখম হয়। সন্ত্রাসীরা তাদের সারা শরীর পিটিয়ে রক্তাক্ত করে।

বিক্ষুব্ধ সাংবাদিকরা আরও বলেন, ঘটনার তিন দিন পার হয়ে গেলেও প্রশাসন এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীকে আটক করতে বা অভিযানে যেতে পারেনি। এমনকি ওই এলাকায় অবৈধ বালু উত্তোলনও থেমে নেই। সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়।

চকরিয়া ও পেকুয়ার প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত বিপুলসংখ্যক সাংবাদিক এই মানববন্ধনে উপস্থিত ছিলেন।