সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাউজানে নকল পণ্যের কারখানা সিলগালা, আটক ৫

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | ৯:০৯ অপরাহ্ন


চট্টগ্রামের রাউজানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও প্যাকেটজাত করা হচ্ছিল নকল নুডলস, ‘ট্যাং’ সদৃশ সফট ড্রিংক পাউডার এবং টেস্টি স্যালাইন। পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজারে বিক্রির লক্ষ্যে অবৈধ এসব পণ্য তৈরি করা হচ্ছিল।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলামের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নোয়াপাড়া পথেরহাটের মিয়া মার্কেটের পেছনে দোকান ভাড়া নিয়ে বাইরে থেকে দরজা বন্ধ রেখে ভেতরে বিশাল জায়গাজুড়ে চলছিল এই নকল পণ্য তৈরির কাজ। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন নকল পণ্য উৎপাদন ও প্যাকেটজাতকরণের দায়ে কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়। এছাড়া অভিযানের সময় কারখানার মূল মালিক ও ব্যবস্থাপক উপস্থিত না থাকায় উৎপাদনকাজে সরাসরি জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম জানান, কারখানায় অবৈধভাবে সফট ড্রিংক পাউডার, নুডলস, টেস্টি স্যালাইনসহ নানা ধরনের পণ্য তৈরি ও প্যাকেটজাত করা হচ্ছিল। পণ্যের প্যাকেটে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হলেও তাদের কোনো বৈধ অনুমোদন ছিল না। ঘটনাস্থলে মালিকপক্ষের কাউকে না পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এস. এম. রাহাতুল ইসলাম নিশ্চিত করেছেন।

অন্যদিকে বিএসটিআইয়ের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার জানান, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে পণ্যগুলো উৎপাদন করা হচ্ছিল। সফট ড্রিংক পাউডারের বিএসটিআই সনদ হালনাগাদ করা হয়নি, নুডলসের কোনো বিএসটিআই সনদ নেই এবং তাদের কোনো পণ্যেরই মোড়কজাত নিবন্ধন সনদ ছিল না বলে সাঈদ আহমেদ তালুকদার উল্লেখ করেন।

রাউজান থানা পুলিশের সার্বিক সহযোগিতায় পরিচালিত এই অভিযানে আরও উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সার্টিফিকেশন মার্কস) মো. নাসির উদ্দিন এবং রাউজান উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতিকুর রহমান।