সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

লালানগরের গণমিছিলই আত্মবিশ্বাস জুগিয়েছিল: এমপি হুম্মাম কাদের

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারী ২০২৬ | ১২:১৩ পূর্বাহ্ন


রাঙ্গুনিয়ার নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী জানিয়েছেন, নির্বাচনের আগে কয়েক রাত তিনি চরম অনিশ্চয়তায় কাটালেও লালানগরের একটি গণমিছিল তাকে বিজয়ের ব্যাপারে প্রচণ্ড আত্মবিশ্বাসী করে তুলেছিল।

মঙ্গলবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের উদ্যোগে রানীরহাট স্কুল মাঠে আয়োজিত এক বিশাল গণ-ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হুম্মাম কাদের চৌধুরী এসব কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী তার বক্তব্যে বলেন, নির্বাচনের আগে ফলাফল নিয়ে তার মনে যথেষ্ট দুশ্চিন্তা ছিল। তবে লালানগরে গণমিছিলের দিনই তিনি নিশ্চিত হন যে রাঙ্গুনিয়ায় বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। উত্তর রাঙ্গুনিয়ায় এমন সুন্দর আয়োজনের জন্য তিনি দলীয় নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।

নির্বাচন-পরবর্তী এটিই তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি উল্লেখ করে হুম্মাম কাদের চৌধুরী বলেন, জয় বা পরাজয় যাই হোক না কেন, এই মাঠে এসে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানাবেন বলে আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সবার দোয়ায় তা সম্ভব হয়েছে।

এলাকায় চাঁদাবাজ ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে এমপি হুম্মাম কাদের চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন মোটেও নিষ্ক্রিয় নয়; কেউ অপরাধে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি স্পষ্টভাবে জানান, আগে কাউকে অনুরোধ করতে হলেও এখন প্রয়োজনে প্রশাসনকে সরাসরি নির্দেশ দেওয়া হবে। প্রশাসন কঠোর না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত কঠিন হবে বলেও হুম্মাম কাদের চৌধুরী মন্তব্য করেন।

বিগত সময়ে যারা রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন, তাদের উদ্দেশে হুম্মাম কাদের চৌধুরী বলেন, সব মিথ্যা মামলা ও নির্যাতনের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। রাঙ্গুনিয়ায় কারও আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে হুম্মাম কাদের চৌধুরী বলেন, সৎ পথে থাকার নীতি থেকেই তিনি জনগণের জন্য কাজ করতে চান। কেউ দলের নাম ভাঙিয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করলে তা তার নজর এড়াবে না বলে তিনি সতর্ক করে দেন। সাধারণ মানুষই সবকিছুর চূড়ান্ত বিচারক বলে হুম্মাম কাদের চৌধুরী মন্তব্য করেন।

উন্নয়ন প্রসঙ্গে এমপি হুম্মাম কাদের চৌধুরী বলেন, সাধারণ মানুষকে রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণের যে অঙ্গীকার তিনি দিয়েছেন, তা দ্রুত বাস্তবায়নে তিনি কাজ করে দেখাতে চান। এ জন্য তিনি দলমত নির্বিশেষে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাণীরহাট আল আমিন হামেদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা নজরুল ইসলাম আল কাদেরীর সভাপতিত্বে এবং রেজাউল করিমের সঞ্চালনায় এই ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী এম.এন নুরুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী এবং উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরীসহ স্থানীয় অন্যান্য দলীয় নেতারা।