
চট্টগ্রামের ফটিকছড়িতে দায়িত্ব পালনকালে মো. মফিজ উদ্দিন নামের এক ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টর (টিএসআই) মারধরের শিকার হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদর বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন মো. মফিজ উদ্দিন। এ সময় একটি ডাম্প ট্রাক থামিয়ে কাগজপত্র পরীক্ষা করতে চাইলে আকবর নামের এক সিএনজি অটোরিকশাচালক ক্ষিপ্ত হন। একপর্যায়ে আকবর অতর্কিতভাবে লাঠি দিয়ে মো. মফিজ উদ্দিনকে উপর্যুপরি আঘাত করেন। এতে এই ট্রাফিক পুলিশ সদস্য মুখমণ্ডলে আঘাত পান।
ঘটনার পরপরই উপস্থিত স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা অভিযুক্ত চালক আকবরকে আটক করেন। বর্তমানে আকবর ফটিকছড়ি থানা হেফাজতে রয়েছেন এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আহত পুলিশ সদস্য মো. মফিজ উদ্দিন জানান, বাসস্টেশনে নিয়মিত দায়িত্ব পালন করার সময় কাগজপত্র যাচাইয়ের জন্য তিনি ডাম্প ট্রাকটি আটকালে চালক হঠাৎ করেই তাঁর ওপর হামলা চালায়।
ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত চালককে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।