সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় হেলে পড়েছে নির্মাণাধীন ভবন, ধসের আতঙ্ক

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারী ২০২৬ | ১০:১০ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় জনবহুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে একটি নির্মাণাধীন ভবন হেলে পড়েছে। ফায়ার সার্ভিস ইতোমধ্যে ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সতর্কতামূলক ব্যানার টাঙিয়ে দিয়েছে এবং সাধারণ মানুষের আনাগোনা বন্ধ রাখতে বলেছে।

আশপাশে হাসপাতাল, স্কুল, মসজিদ ও বাজার থাকায় স্থানীয়দের মধ্যে বড় ধরনের দুর্ঘটনার আতঙ্ক বিরাজ করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, হেলে পড়া ভবনটিতে নির্মাণকাজ বন্ধ রয়েছে এবং ভেতরে কাউকে পাওয়া যায়নি। বুধবার দুপুরে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ভবনটি পরিদর্শন করে সতর্কতামূলক ব্যানার টাঙিয়ে দেয়।

পটিয়া ফায়ার সার্ভিসের উপসহকারী স্টেশন মাস্টার অতীশ চাকমা জানান, নির্মাণাধীন ভবনটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কাঠামোগত দুর্বলতার কারণে এর ধসে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।

স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে জনবহুল এলাকায় ভবনটি হওয়ায় তারা ধসে পড়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন। আশপাশের বসতবাড়ি ও পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

পটিয়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. শাহজাহান জানান, হেলে পড়া ভবনটি তারা সরেজমিনে পরিদর্শন করেছেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় আশপাশের ভবনমালিকদেরও অবহিত করা হয়েছে।

হেলে পড়া ভবনের পাশের এমএস টাওয়ারের মালিক সাইফুল ইসলাম রুবেল জানান, নির্মাণাধীন ভবনটি তার ভবনের ওপর হেলে পড়ায় ভাড়াটেরা ইতোমধ্যে ভবন ছেড়ে দিয়েছেন। এতে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

তিনি আরও জানান, হেলে পড়া ভবনটির ওপরের দুই তলা অথবা এক পাশের তিন ফুট ভেঙে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। ভবনটি হেলে তার ভবনের ওপর পড়ায় তিনিও কিছুটা শঙ্কায় রয়েছেন।