সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

জামিন পেলেন সাবেক এমপি আবদুর রহমান বদি

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৬ ফেব্রুয়ারী ২০২৬ | ৫:৩২ অপরাহ্ন


কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে একটি হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি বেঞ্চ এই জামিন আদেশ দেন।

এর আগে, ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সে সময় র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, টেকনাফে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, টেকনাফে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে ২০২৪ সালের আগস্ট মাসে আবদুর রহমান বদিকে প্রধান আসামি করে ৩৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে টেকনাফ থানায় এই লিখিত অভিযোগ করেন। মামলায় টেকনাফ উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়। এছাড়া ওই মামলায় অজ্ঞাতনামা আরও প্রায় ৭০ জনকে আসামি করা হয়েছিল।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আবদুর রহমান বদি।