সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ফটিকছড়িতে প্রকৌশলীকে ‘ফুটবলের মতো লাথি’ মারার হুমকি ঠিকাদারের

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | ৯:৩৪ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরীকে মুঠোফোনে অশালীন ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদার মহসিন হায়দারের বিরুদ্ধে। এই ঠিকাদার ‘মেসার্স মহসিন অ্যান্ড ব্রাদার্স’-এর স্বত্বাধিকারী। এ সংক্রান্ত ফোনালাপের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ওই অডিওতে ঠিকাদার মহসিন হায়দারকে প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরীর উদ্দেশে বলতে শোনা যায়, “রুমে ঢুকে একদম ফুটবলের মতো লাথি দেব। ব্যাংকে যে চিঠি লিখেছিস, সেটি সরিয়ে নে। আমার বিল আটকে রেখেছিস, বিল দেওয়ার ব্যবস্থা কর।”

অডিওতে স্থানীয়ভাবে প্রভাব খাটানোর ইঙ্গিত এবং সরকারি অফিসে ঢুকে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্টদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একজন সরকারি কর্মকর্তাকে এভাবে হুমকি দেওয়া গুরুতর অপরাধ উল্লেখ করে স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে ঠিকাদার মহসিন হায়দার জানান, দুটি প্রকল্পের ফাইল আটকে রেখে উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন। পুনরায় বিল সংক্রান্ত জটিলতা সৃষ্টি হওয়ায় তিনি উত্তেজিত হয়ে খারাপ ভাষা ব্যবহার করেছেন বলে স্বীকার করে নেন। তবে এমন আচরণের জন্য তিনি নিজের ভুল স্বীকার করেছেন।

অন্যদিকে, টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী জানান, কাজে অনিয়মের কারণে বিল স্থগিত করায় ঠিকাদার মহসিন হায়দার ক্ষুব্ধ হয়ে এমন আচরণ করেছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতোমধ্যে অবহিত করেছেন।