সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

অস্বচ্ছলদের পাশে দাঁড়ানো বড় ইবাদত: ড. খালিদ হোসেন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | ৯:৩৮ অপরাহ্ন


সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মহান সওয়াবের কাজ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগরে নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ‘রমাদান কমিউনিটি ইফতার–২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন এ কথা জানান।

তিনি বলেন, পবিত্র মাহে রমজানে সামর্থ্য অনুযায়ী অভাবগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসা প্রত্যেকের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। রমজান ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। সেই চেতনা থেকেই ৭০০ জন রোজাদারকে নিয়ে ইফতার আয়োজন করা হয়েছে।

পর্যায়ক্রমে উপজেলার অসহায় পরিবারের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হবে জানিয়ে অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বিত্তবানদের প্রতি পবিত্র এই মাসে মানবসেবায় আত্মনয়োগ করার আহ্বান জানান।

নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় ‘নুরে হাবিব ভিলা’ প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামছুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জাবিদ আহসান খালিদ, ব্যাংকার আমিনুল হক, ডা. রাগিবুল ইসলাম এবং ডা. এস এম তাজওয়ার তাহিরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।