সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | ১২:১৮ পূর্বাহ্ন


চট্টগ্রামের চন্দনাইশে মোটরসাইকেল দুর্ঘটনায় সানু ধর (২৫) নামে লোহাগাড়ার এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মঙ্গলনগর বণিক পাড়ার দিলীপ ধরের ছেলে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে চন্দনাইশ উপজেলার কলেজ রোডস্থ সুচিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক বিশ্বজিৎ ধর (২৭)। তিনি একই এলাকার আনন্দ ধরের ছেলে।

নিহত সানু ধরের প্রতিবেশী রিটু ধর জানান, সানু ধর ও বিশ্বজিৎ ধর মোটরসাইকেলে করে চন্দনাইশের গাছবাড়িয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। সুচিয়া এলাকায় পৌঁছালে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

এতে মোটরসাইকেল চালক বিশ্বজিৎ ধর ও আরোহী সানু ধর গুরুতর আহত হন। দুর্ঘটনার পর আশপাশের লোকজন তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল ৪টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সানু ধরকে মৃত ঘোষণা করেন। আহত বিশ্বজিৎ ধর বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আমিরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সানু ধর পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ নিজ গ্রামের বাড়িতে আনার প্রক্রিয়া চলছে। সানু ধরের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।