
কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের নন্দীর পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভয়াবহ এ আগুনে নন্দীর পাড়া এলাকার জাহাঙ্গীর, ফোরকান, জয়নাল ও ছোটনের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। মাথা গোঁজার ঠাঁই ও সর্বস্ব হারিয়ে পরিবারগুলো এখন একেবারে নিঃস্ব হয়ে পড়েছে।
ঠিক কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা প্রথমে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু মুহূর্তেই আগুন চারপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ায় তারা ব্যর্থ হন।
খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসী জানান, ফায়ার সার্ভিস কর্মীরা সময়মতো উপস্থিত হওয়ায় ঘনবসতিপূর্ণ এলাকার আরও অন্তত ১০ থেকে ২০টি পরিবার অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেয়েছে।
পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ দিদার জানান, আগুনে বসতবাড়ির নগদ টাকা ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে গেছে। এতে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অগ্নিকাণ্ডের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আক্তার নিলয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ান। তিনি আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোকে দুটি করে কম্বল ও শুকনো খাবার সহায়তা দেন।