সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সাতকানিয়ায় ৭ এস্কেভেটর বিকল, ডাম্পার ও এস্কেভেটর জব্দ

অবৈধ মাটি কাটা বন্ধে গভীর রাতে অভিযান
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | ১১:২৮ পূর্বাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়ার নয়াখাল এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের নয়াখাল কেরানীহাট সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) অংশ নেয়।

গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত সাতটি এস্কেভেটর বিকল করে দেওয়া হয়। পাশাপাশি একটি ডাম্পার ট্রাক ও একটি এস্কেভেটর জব্দ করা হয়েছে।

অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান জানান, কৃষিজমির উর্বর মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এটি খাদ্যনিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এ ধরনের অপরাধ রোধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সামছুজ্জামান নিশ্চিত করেছেন।