
চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী বাসের চাপায় মো. জাবেদ (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে ভাঙচুর চালিয়েছে।
শনিবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের বাগিচাহাট শিকারীর টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জাবেদ চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজিপাড়া এলাকার মৃত রফিক আহমদের ছেলে। তিনি স্থানীয় খানহাট বীজ ভান্ডারের স্বত্বাধিকারী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুপুরে মো. জাবেদ মোটরসাইকেলে করে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস জাবেদের মোটরসাইকেলকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মো. জাবেদের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে ভাঙচুর চালায়।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মৃত রফিক আহমদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দীন চৌধুরী জানান, ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও সহকারী (হেলপার) পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মো. সালাহ উদ্দীন চৌধুরী।