সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সুশৃঙ্খল জাতি গঠনে সরকারি নিয়ম মানার নির্দেশ তারেক রহমানের

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | ৩:১২ অপরাহ্ন


প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন।

সভায় স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গঠন ও কার্যাবলি তুলে ধরেন কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।

সভায় কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। কর্মকর্তা ও কর্মচারীদেরও এই সরকারের অংশ উল্লেখ করে তিনি বলেন, সরকার তখনই ভালো করবে, যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন।

তারেক রহমান আরও বলেন, আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যও আমাদের কাজ করতে হবে। প্রত্যেক রাজনৈতিক দলের একটি মেনিফেস্টো বা ইশতেহার থাকে উল্লেখ করে তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে হবে।

স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়াসহ ইশতেহারে উল্লিখিত সব বিষয় বাস্তবায়নে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তারা নিরাপদ বোধ করে। সবাই একসঙ্গে কাজ করলে এই লক্ষ্য অর্জন সম্ভব।

দেশ থেকে দুর্নীতি দূর করতেও কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণ সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। একই সঙ্গে দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তার বিষয়গুলো মেনে চলার জন্য তিনি কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশনা দেন। জাতিকে একটি সুশৃঙ্খল জায়গায় নিয়ে আসতে প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারি নিয়মনীতি কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।