
চট্টগ্রামের লোহাগাড়ায় মৎস্য খামার থেকে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটর দিয়ে পানি কমানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আকতার নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতগড় বড়ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আকতার একই এলাকার কবির আহমদের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. এন্তেজার জানান, মাগরিবের আগে বড়ঘোনা এলাকায় নিজেদের মৎস্য খামার থেকে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটর দিয়ে পানি কমানোর কাজ করছিলেন মোহাম্মদ আকতার। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর খামারে থাকা অন্য লোকজন তাৎক্ষণিকভাবে মোহাম্মদ আকতারকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।