সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হাটহাজারীতে টপসয়েল কাটায় জরিমানা ও কারাদণ্ড

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ মার্চ ২০২৬ | ১:১৫ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) কাটার অপরাধে মোহাম্মদ শাকিল নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার দিবাগত রাতে উপজেলার গুমানমর্দন বিল এলাকায় মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। দণ্ডিত মোহাম্মদ শাকিল উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া সিকান্দরপাড়ার বাসিন্দা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গুমানমর্দন বিল এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে এক্সকাভেটর দিয়ে টপসয়েল কাটা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জিজ্ঞাসাবাদে মাটি কাটার সঙ্গে জড়িত মোহাম্মদ শাকিল নিজের অপরাধ স্বীকার করেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাঁকে দুই লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনার সময় হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে।

মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।