
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের লোহাগাড়ার সন্তান শাহাদাৎ হোসেন স্বাধীন। তিনি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম আমিরাবাদ কৈয়ারকুল এলাকার আলী আহমদের ছেলে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব গোলাম রব্বানী।
প্রজ্ঞাপনে বলা হয়, শাহাদাৎ হোসেন স্বাধীনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে তিনি এই দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
শাহাদাৎ হোসেন স্বাধীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাট চুকিয়ে তিনি ভারতের নয়াদিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর এবং এমফিল সম্পন্ন করেন।
সাংবাদিকতায় সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন শাহাদাৎ হোসেন স্বাধীন এর আগে দৈনিক মানবজমিন পত্রিকার বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। পরে তিনি দেশের বেশ কয়েকটি জাতীয় দৈনিকে যুক্ত ছিলেন। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ডিপ্লোম্যাটে নিয়মিত কলাম লিখেছেন তিনি। দ্য ডিপ্লোম্যাটের ওয়েবসাইটে বলা হয়েছে, শাহাদাৎ হোসেন স্বাধীন একজন কলামিস্ট, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক।
বাংলাদেশের বিবর্তনশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গবেষণা করা শাহাদাৎ হোসেন স্বাধীনের বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে ১৫টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তিনি ছয়টির বেশি আন্তর্জাতিক সম্মেলনে নিজের গবেষণাপত্র উপস্থাপন করেছেন। দ্য ডিপ্লোম্যাট ছাড়াও তিনি এলএসই সাউথ এশিয়া ব্লগ, দ্য স্ট্র্যাটেজিস্ট, দ্য ডেইলি স্টার এবং দ্য ডেইলি সানে নিয়মিত লেখালেখি করেছেন।