সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ট্রেন ও মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পেতে যা যা লাগবে, জানালেন মন্ত্রী শেখ রবিউল আলম
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩ মার্চ ২০২৬ | ৬:৪৫ অপরাহ্ন


দেশের রেল ও মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থী, ৬৫ বছরের বেশি বয়সী জ্যেষ্ঠ নাগরিক এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা। আগামী ঈদুল আজহার আগেই এই ছাড় বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, শারীরিক প্রতিবন্ধী, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী এবং শিক্ষার্থীদের জন্য দূরপাল্লার আন্তঃনগর ট্রেন ও ঢাকার মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। আসন্ন ঈদুল ফিতরের আর অল্প কয়েক দিন বাকি থাকায় এর আগেই এটি কার্যকরের চেষ্টা চলছে, তবে তার সম্ভাবনা কম। আগামী কোরবানির ঈদের (ঈদুল আজহা) আগেই ভাড়ায় ছাড়ের এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

মন্ত্রী শেখ রবিউল আলম আরও জানান, ভাড়ায় ছাড়ের সুবিধা নিতে যাত্রীদের নির্দিষ্ট পরিচয়পত্র বা প্রয়োজনীয় প্রমাণপত্র দেখাতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, জ্যেষ্ঠ নাগরিকদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দেওয়া ডিজিটাল কার্ড প্রদর্শন করতে হবে।

টিকিট কাটার প্রক্রিয়াটি আরও সহজ করতে অনলাইন প্ল্যাটফর্মেও বিশেষ সুবিধা যুক্ত করা হচ্ছে। অনলাইনে টিকিট কাটার সময় নির্দিষ্ট পরিচয়পত্রের তথ্য দিলে স্বয়ংক্রিয়ভাবে ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। এর ফলে কাউন্টারে না গিয়েও নাগরিকেরা ঘরে বসেই এই সুবিধা ভোগ করতে পারবেন।