
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, রাঙ্গুনিয়ার প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের প্রধান দায়িত্ব। মঙ্গলবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তাগিদ দেন।
সভায় এলাকার প্রধান দুই সমস্যা হিসেবে বালু ব্যবসা ও ইয়াবার বিস্তার নিয়ে আলোচনা হয়। হুমাম কাদের চৌধুরী উল্লেখ করেন, বান্দরবান থেকে ইয়াবা প্রবেশ করে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ও সরফভাটা এলাকায় সবচেয়ে বেশি সক্রিয়তা দেখা যাচ্ছে। এসব এলাকায় প্রশাসনের নজরদারি বাড়ানোর মাধ্যমে অপরাধ দমনের ওপর তিনি জোর দেন।
রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, স্থিতিশীলতা এলেও কিছু কর্মীর আচরণে এলাকায় সমস্যা তৈরি হচ্ছে। তিনি স্পষ্ট করে জানান, ঈদ উপলক্ষে যে কেউ এলাকায় আসতে পারবে এবং এতে কোনো বাধা নেই। কারও বিরুদ্ধে মামলা থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু মামলা না থাকলে কাউকে বাধা দেওয়ার সুযোগ নেই। মিথ্যা মামলার বাণিজ্য বন্ধে তিনি ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানোর প্রয়োজন হলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনার আশ্বাস দেন তিনি।
এর আগে একই দিন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নদী রক্ষা কমিটির সভায় তিনি জানান, গায়ের জোরে নয় বরং আইনের মাধ্যমেই নদী থেকে অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করা হবে। গত ১৬ বছর ধরে এই ব্যবসার নিয়ন্ত্রণ শুধু হাতবদল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি বন্ধ করা গেলে তা রাঙ্গুনিয়ার জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হবে। অন্যদিকে আইনশৃঙ্খলা কমিটির সভায় রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরমান হোসেন থানার জন্য দুটি অতিরিক্ত গাড়ির দাবি জানালে তা আমলে নেওয়ার আশ্বাস দেন এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ হিলাল উদ্দিন আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের উপ-বিভাগীয় প্রকৌশলী সামশুল আরেফিন, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মো. ইলিয়াছ তালুকদার এবং সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী।