
স্থগিত হওয়ার পাঁচ মাস পর দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৪ এপ্রিল নগরের আগ্রাবাদ এলাকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সকাল ৯টা থেকে এই ভোট গ্রহণ শুরু হবে। চেম্বারের ২৪টি পরিচালক পদের মধ্যে এবার ১৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাকি ৬টিতে পরিচালকরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
চট্টগ্রাম চেম্বারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩০ অক্টোবর স্থগিত হওয়া নির্বাচনটি বাণিজ্য মন্ত্রণালয়ের গত ২৬ ফেব্রুয়ারির স্মারকের আইনগত মতামতের ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৪ এপ্রিল চেম্বারের অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপের মোট ১৮ জন পরিচালক নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে।
সর্বশেষ এই চেম্বারে ভোট হয়েছিল ২০১৩ সালে। এরপর থেকে সব কমিটিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় গঠিত হয়ে আসছিল। গত বছরের ১১ আগস্ট তফসিল ঘোষণার পর দীর্ঘদিন পর ব্যবসায়ীরা ভোটের আশা করেছিলেন এবং ১ নভেম্বর এই ভোট হওয়ার কথা ছিল। তবে চেম্বারের দুই শ্রেণিকে ‘পকেট ভোট’ দাবি করে একটি পক্ষ প্রথমে এফবিসিসিআই ও পরে আদালতের দ্বারস্থ হলে একপর্যায়ে নির্বাচনটি স্থগিত হয়ে যায়।
চট্টগ্রাম চেম্বারের নির্বাচন বোর্ডের প্রধান ও চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ার বেগম জানান, চট্টগ্রাম চেম্বারের পর্ষদ ২৪ জনের হবে। এর মধ্যে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের ৬ পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সেখানে ভোট গ্রহণ হবে না। বাকি ১৮ পদে ভোট গ্রহণের সব প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন করা হচ্ছে।
নিয়মানুযায়ী, চট্টগ্রাম চেম্বারে সাধারণ শ্রেণি থেকে ১২ জন, সহযোগী শ্রেণি থেকে ৬ জন এবং টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণি থেকে ৩ জন করে পরিচালক নির্বাচিত হন। পরবর্তীতে নির্বাচিত এসব পরিচালকের ভোটে একজন সভাপতি ও দুজন সহসভাপতি নির্বাচিত হন। এবার টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণি থেকে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২ সেপ্টেম্বর চেম্বারের পুরো পর্ষদ পদত্যাগ করে। তখন থেকেই মূলত প্রশাসক দিয়ে চেম্বারের কার্যক্রম চলছে। নির্বাচনের তফসিল ঘোষণার সময় প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তৎকালীন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা। পরবর্তীতে ৮ সেপ্টেম্বর একই পদে দায়িত্ব নেন মোহাম্মদ নুরুল্লাহ নূরী। সর্বশেষ গত ২১ জানুয়ারি প্রশাসক হিসেবে মো. মোতাহার হোসেনকে নিয়োগ দেওয়া হয়।