
কক্সবাজারের রামুতে তালাবদ্ধ একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন নামের এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরোংলোয়া গ্রামের ওই বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ওই তরুণের স্ত্রী তাহেরা বেগম আঁখি নিখোঁজ রয়েছেন।
নিহত বেলাল উদ্দিন রামুর পূর্ব রাজারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়ার আবুল কাশেমের ছেলে এবং পেশায় তিনি একজন ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চালক ছিলেন। তাঁর স্ত্রী তাহেরা বেগম আঁখির বাড়ি একই উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তালাবদ্ধ কক্ষের ভেতর বিছানায় লাশটি পড়ে ছিল এবং তাতে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, কমপক্ষে তিন দিন আগে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর লাশটি সেখানে ফেলে রাখা হয়। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে সন্দেহ পুলিশের। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাড়ির মালিক আলাউদ্দিন জানান, বেলাল উদ্দিন ও তাঁর স্ত্রী তাহেরা বেগম আঁখি দুই মাস আগে ওই বাসা ভাড়া নেন। প্রায় সময়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। গত তিন দিন ধরে ঘরের দরজা তালাবদ্ধ ছিল। বুধবার সকালে ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় এবং পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে বিছানায় বেলালের লাশ দেখতে পায়।
স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন বড়ুয়া জানান, বেলাল উদ্দিন পরিবারের অমতে তাহেরা বেগম আঁখিকে বিয়ে করেছিলেন। আঁখির এটি দ্বিতীয় সংসার ছিল এবং তিনি টিকটকে নিজের ভিডিও প্রকাশ করতেন বলে বেলালের পরিবার তাঁকে মেনে নেয়নি। এ কারণে তাঁরা ভাড়া বাসায় আলাদা থাকতেন। কিছুদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে তিনি নিজে উদ্যোগী হয়ে সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করে দিয়েছিলেন।