সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

আনোয়ারায় মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল জনতা, রাতে বিক্ষোভ

পুলিশের কঠোর হওয়ার আশ্বাস
আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ মার্চ ২০২৬ | ১২:২৮ অপরাহ্ন


চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে মাদক সেবী ও কারবারিদের দৌরাত্ম্যের প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল করেছে ক্ষুব্ধ এলাকাবাসী।

বুধবার রাত ১০টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর গুয়াপঞ্চক শাহবাড়ী মোড় এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে মিছিলে অংশ নেন সমাজসেবক ও আইনজীবী অ্যাডভোকেট লোকমান শাহ।

স্থানীয়দের অভিযোগ, বৈরাগ ইউনিয়নে মাদক সেবী ও খুচরা বিক্রেতাদের উৎপাত চরম আকার ধারণ করেছে। সন্ধ্যার পর শাহবাড়ীসহ কয়েকটি স্পটে বহিরাগত ও স্থানীয় মাদক কারবারিদের আনাগোনা বাড়ে। এতে সামাজিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি চুরি-ছিনতাই বাড়ছে।

রাতের ওই বিক্ষোভে ‘মাদকমুক্ত সমাজ চাই’, ‘মাদক কারবারিদের আস্তানা গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন স্থানীয়রা।

অ্যাডভোকেট লোকমান শাহ বলেন, “মাদকের কারণে আমাদের যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অসাধু ব্যবসায়ীরা ৪ নম্বর ওয়ার্ডকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে। আমরা আজ থেকে এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুললাম।”

প্রশাসনের উচিত অবিলম্বে এসব চিহ্নিত মাদক স্পটে অভিযান চালানো, যোগ করেন তিনি।

বিক্ষোভ থেকে নিয়মিত পুলিশি টহল, মাদক বিক্রেতা ও মদদদাতাদের তালিকা করে গ্রেপ্তার এবং সামাজিক সচেতনতা বাড়াতে প্রচার চালানোর দাবি জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন আইনজীবী লোকমান শাহ।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী জানান, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে।

তিনি আরও বলেন, “বৈরাগের শাহবাড়ী এলাকায় স্থানীয়দের ক্ষোভের বিষয়টি আমরা অবগত হয়েছি। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অতি দ্রুত ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুচরা বিক্রেতা ও মাদক সেবীদের আইনের আওতায় আনা হবে।”