সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

আনোয়ারায় বিআরটিসি চালককে পিটিয়ে টাকা ছিনতাই, ‘লাশ ফেলার’ হুমকি

আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৪ মার্চ ২০২৬ | ১১:৪১ অপরাহ্ন


চট্টগ্রাম-আনোয়ারা সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালুর জেরে উত্তপ্ত হয়ে উঠেছে চাতরী চৌমুহনী এলাকা। বুধবার (৪ মার্চ) সকালে যাত্রী ওঠানোর সময় বিআরটিসি বাসের চালক মো. যুবরাজকে বেধড়ক মারধর, টাকা ছিনতাই এবং বাস চলাচল বন্ধ না করলে ‘লাশ ফেলার’ হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে।

সকাল সাড়ে ১০টার দিকে চাতরী চৌমুহনী বাজারে যাত্রী তুলছিলেন বিআরটিসি চালক মো. যুবরাজ। অভিযোগ উঠেছে, এ সময় চাতরী বাজারের নিয়োজিত লাইনম্যান এবং ‘চট্টমেট্রো-জ-০৪-০১৫৭’ নম্বরধারী একটি লোকাল বাসের চালক ও হেলপারসহ ৫-৬ জন মিলে মো. যুবরাজকে ঘিরে ফেলে। প্রকাশ্য দিবালোকেই তাকে বাস থেকে নামিয়ে মারধর করা হয় এবং তার পকেটে থাকা সাড়ে তিন হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

আক্রান্ত চালক মো. যুবরাজ জানান, হামলাকারীরা অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় হুমকি দিয়ে বলেছে, আগামী দুই-এক দিনের মধ্যে এই সড়কে বিআরটিসির বাস চলাচল বন্ধ না করলে যেকোনো চালকের লাশ ফেলা হবে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে মো. যুবরাজ বাদী হয়ে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিআরটিসি বাস চলাচলের ওপর এমন হামলায় ক্ষুব্ধ সাধারণ যাত্রী ও কলেজপড়ুয়া শিক্ষার্থীরা। চাতরী থেকে নিউ মার্কেট রুটে সরকারি এই বাস সার্ভিস চালু হওয়ায় যাতায়াতে স্বস্তি ফিরলেও, স্থানীয় সিন্ডিকেটের বাধায় তারা হতাশ। সাধারণ মানুষের দাবি, জনস্বার্থে এই রুটে বিআরটিসি বাস চলাচল নির্বিঘ্ন করতে হবে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, মো. যুবরাজের অভিযোগটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।