
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে আসন্ন ঈদে টানা সাত দিনের লম্বা ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ ছুটির প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি থাকায় কার্যত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি দীর্ঘায়িত হলো।
চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারিত ছিল।
নির্ধারিত ওই ছুটির মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি এবং ঈদের আগে ১৯ ও ২০ মার্চ ও ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছিল।
নতুন করে ১৮ মার্চ ছুটি হওয়ায় ঈদের আগে ছুটি দাঁড়াল চার দিনে। এর আগে ১৭ মার্চ শবে কদরের ছুটি থাকায় সব মিলিয়ে এবারের ঈদের ছুটি হবে টানা সাত দিন।
বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে ১৮ মার্চও ছুটির সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।