
দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, তাদের মূলধারার বাইরে রেখে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি শাহজাহান চৌধুরী বলেন, “একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।”
শ্রমিকদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি আখ্যা দিয়ে তিনি আরও বলেন, তাদের জীবনমান উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব নয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতকানিয়া শাখার সভাপতি মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এবং সেক্রেটারি জসীম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসহাক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি নুর হোসেন।
এছাড়া সাতকানিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির ডা. নুরুল হক, বর্তমান আমির মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি তারেক হোছাইন, সোনাকানিয়া ইউনিয়ন জামায়াতের আমির শাহাদাত হোসেন চৌধুরী, মাস্টার এনামুল হক, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক ফরিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি দিদারুল ইসলাম এবং শ্রমিক নেতা মোহাম্ম্মদ ওসমান গনিসহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা ও সামাজিক নিরাপত্তা জোরদারে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দেশের উন্নয়নে শ্রমিকদের শৃঙ্খলা ও দায়িত্ববোধ বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।