সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়া থেকে বাংলাদেশি যুবককে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৬ মার্চ ২০২৬ | ২:৫৬ অপরাহ্ন


আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়নের চক্র পরিচালনার অভিযোগে মালয়েশিয়া থেকে জোবাইদুল আমিন (২৮) নামের এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।

শুক্রবার (৬ মার্চ) এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি জানান, এফবিআই এবং তাদের মার্কিন অংশীদারদের সহায়তায় জোবাইদুলকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২২ সাল থেকে তিনি পলাতক ছিলেন। জোবাইদুলকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের মুখোমুখি হবেন। তদন্ত ও গ্রেপ্তারে সহযোগিতার জন্য মালয়েশিয়া সরকারসহ স্থানীয় অংশীদারদের ধন্যবাদও জানান এফবিআই পরিচালক।

এদিকে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়নের চক্র পরিচালনার অভিযোগে ৫ মার্চ ডিস্ট্রিক্ট অব আলাস্কার আদালতে ওই বাংলাদেশিকে হাজির করার দিন ধার্য ছিল।

২০২২ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল গ্র্যান্ড জুরি আলাস্কাসহ অন্যান্য স্থান ও বিদেশে শত শত শিশুকে নিপীড়নের অভিযোগে জোবাইদুলকে অভিযুক্ত করে। অভিযোগপত্রে বলা হয়, তিনি ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপ্রাপ্তবয়স্কদের খুঁজে বের করতেন এবং তাদের যৌনতামূলক ছবি ও ভিডিও তৈরিতে বাধ্য করতেন।

যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হওয়ার আগে জোবাইদুল মালয়েশিয়ায় বসবাস করছিলেন। সেখানে তিনি চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করতেন। ২০২২ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ও তাঁকে শিশু পর্নোগ্রাফি রাখা ও তৈরির অভিযোগে অভিযুক্ত করে।

জোবাইদুলের বিষয়ে এফবিআই এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করে আসছিল। এরই ধারাবাহিকতায় ৪ মার্চ তাঁকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, দোষী সাব্যস্ত হলে জোবাইদুলের ২০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।