
চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) নতুন উপাচার্য এবং প্রধান একাডেমিক কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। বর্তমান উপাচার্য রুবানা হকের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে।
বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন উপাচার্য খুঁজে পেতে কমিটিকে সহায়তা করবে প্রধান নির্বাহী খুঁজে দেওয়ার আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘উইটকিফার’।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্চ কমিটিতে কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন নিউইয়র্ক ইউনিভার্সিটির ইমেরিটাস প্রেসিডেন্ট অধ্যাপক জন সেক্সটন এবং ওয়েলেসলি কলেজের প্রেসিডেন্ট ড. পলা জনসন।
কমিটির অন্য সদস্যরা হলেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) ভ্যাকসিন সায়েন্স সেন্টারের পরিচালক ও জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী, বোস্টনভিত্তিক সাবেক হেজ ফান্ড ব্যবস্থাপক পল সিয়াম্পা, যুক্তরাষ্ট্রের একাধিক বায়োফার্মা কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ড. আলপনা সেথ এবং সুইট ব্রায়ার কলেজের সাবেক প্রেসিডেন্ট ড. মেরেডিথ উ। এঁদের মধ্যে ফেরদৌসী কাদরী, আলপনা সেথ ও মেরেডিথ উ বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সদস্য।
এই কমিটি সম্ভাব্য প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই করে ট্রাস্টি বোর্ডের কাছে সুপারিশ করবে। এরপর বোর্ডই নতুন উপাচার্য নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
উল্লেখ্য, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি রুবানা হক ২০২২ সালে চার বছরের জন্য এশিয়ান ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তাঁর আগে এই দায়িত্বে ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী নির্মলা রাও।
অ্যান্ড্রু ডব্লিউ মেলন ফাউন্ডেশনের একটি বড় অনুদানে ২০০৮ সালে চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন যাত্রা শুরু করে। এশিয়া ও মধ্যপ্রাচ্যের ২০টির বেশি দেশের শিক্ষার্থী বর্তমানে এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত। পিছিয়ে পড়া সম্প্রদায়ের মেধাবী তরুণীদের উচ্চশিক্ষা ও নেতৃত্বে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী ও মানবাধিকারকর্মী শেরি ব্লেয়ার।