সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

তেলের কোনো অভাব নেই, মজুত না করার আহ্বান

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৭ মার্চ ২০২৬ | ১০:১২ অপরাহ্ন


দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই জানিয়ে জনসাধারণকে এ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বৈঠক শেষে তাঁর কার্যালয়ের ৪ নম্বর গেটে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

আগামী ৯ মার্চ দেশে আরও দুটি তেলবাহী জাহাজ আসবে জানিয়ে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যে সমস্যা তৈরি হয়েছে, তাতে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে জ্বালানি নিয়ে উদ্বেগ বেড়েছে। বিষয়টি নিয়ে তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিফ করেছেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, তিনি আগেও বলেছেন এবং শুক্রবারও বলেছেন যে তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যুদ্ধ কত দিন চলবে, তা নিয়ে অনিশ্চয়তা থাকায় সরকার রেশনিং করেছিল। কিন্তু মানুষ ভয় পেয়ে জ্বালানি মজুত করা শুরু করেছে। আসলে দেশে তেলের কোনো অভাব নেই।

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, পেট্রোল পাম্পগুলোতে যেন কোনো অনিয়ম না হয়, সে জন্য রোববার থেকে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট মাঠে নামবে।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।