
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামকে সংযমী হতে বলেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া।
শনিবার (৭ মার্চ) পটিয়া ইন্দ্রপুল বাইতুশ শরফ মাদ্রাসা মাঠে এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
সম্প্রতি পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে একটি ইফতার মাহফিলে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম জামায়াতের কাছ থেকে টাকা নিয়ে মোমবাতির পক্ষে ভোট চাওয়ার কথা বলেন। তাঁর ওই বক্তব্যের পর গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পটিয়ার বিএনপির রাজনীতি নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
সেই প্রসঙ্গের সূত্র ধরে এনামুল হক এনামকে ইঙ্গিত করে ইদ্রিস মিয়া বলেন, পটিয়ায় তিনি বিপুল ভোটে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন। ধানের শীষের প্রার্থী হিসেবে দলীয় নেতাকর্মীরাই তাঁকে বিজয়ী করেছেন। তিনি যদি হিংসাত্মকভাবে কথা বলে থাকেন, তাহলে ভুল করবেন। পবিত্র রমজান মাসে তাঁকে সংযমী হওয়ার পরামর্শ দেন ইদ্রিস মিয়া।
পটিয়ায় ২২টি এতিমখানার এতিমদের নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শীর্ষ নেতা তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
বিএনপি নেতা জিল্লুর রহমানের সঞ্চালনায় মাহফিলে মহানগর বিএনপির সদস্য গাজী সিরাজ উল্লাহ বলেন, আলহাজ ইদ্রিস মিয়ার নেতৃত্বে পটিয়ায় বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। অন্য কেউ যেন সংগঠনের দিকে নজর না দেয়। সংগঠন চলবে আলহাজ ইদ্রিস মিয়ার নেতৃত্বেই।
মাহফিলে আরও বক্তব্য রাখেন চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতি, জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, ইফতেখার হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. ইব্রাহিম কমিশনার, শাহাদাত হোসেন সুমন, উপজেলা বিএনপি নেতা হারুনুর রশিদ, আবু জাফর চৌধুরী, নুরুল আমিন মধু, সেলিম মাস্টার, হাজী দ্বীন মোহাম্মদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন, আবুল হাশেম মেম্বার, জাগির মেম্বার, আবদুল মাবুদ, জাফর ভান্ডারী, মো. আইয়ুব, আলী আজগর আকবরী, মো. সোহেল, মো. লোকমান ও কবিয়াল ইউছুপ প্রমুখ।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হাফেজ আহমদ আল কাদেরী।