
চট্টগ্রামের মিরসরাইয়ে তিন মাদকসেবীকে কান ধরে উঠবস করানোর পাশাপাশি বেত্রাঘাত করে সতর্ক করেছেন স্থানীয় এক বিএনপি নেতা।
শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শরীয়তপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
জানা গেছে, মিরসরাই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন সম্প্রতি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মিরসরাই উপজেলা গড়ার ঘোষণা দেন। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য তিনি পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা প্রদান করেন। সেই নির্দেশনার আলোকেই বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী কার্যক্রম জোরালো করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর জানান, সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনা অনুযায়ী মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই মাদকবিরোধী কার্যক্রম শুরু করা হয়েছে। এর অংশ হিসেবে শনিবার ৯ নম্বর ওয়ার্ডের শরীয়তপাড়া এলাকায় ফরিদ উদ্দিন, ফারুক হোসেন এবং দেলোয়ার হোসেন নামের তিন মাদক কারবারিকে কান ধরে উঠবস করানোর পাশাপাশি বেত্রাঘাত করে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে।
মোহাম্মদ আলমগীর আরও জানান, আগামীতে যদি তারা মাদক সেবন ও বিক্রি বন্ধ না করে, তবে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হবে। এলাকাকে মাদকমুক্ত করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মঘাদিয়া ইউনিয়নে পরিচালিত এই মাদকবিরোধী অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন, বর্তমান সদস্যসচিব আলাউদ্দিন এবং বিএনপি নেতা সাইফুর রহমান সাইফুল। এ ছাড়া স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী এই অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।