সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

নারী দিবসে চকরিয়ায় সর্বক্ষেত্রে সমান অধিকারের দাবি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬ | ৯:৩২ অপরাহ্ন


আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভায় নারী ও কন্যাশিশুর অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনসহ সর্বক্ষেত্রে নারীর সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।

রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়া এই মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।

চকরিয়া উপজেলার হাজিয়ান আদর্শ বিদ্যালয়ে দুপুর দুইটার দিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়। শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নারী দিবসের বিভিন্ন বিষয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে নারী দিবসের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সনাক চকরিয়ার সভাপতি সন্তোষ কুমার সুশীলের সভাপতিত্বে ও ইয়েস সদস্য কহিন আল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় নারী দিবস উপলক্ষে টিআইবির ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস সদস্য পুস্পিতা চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সনাক সদস্য খালেদা খানম ও নন্দিতা মুৎসুদ্দি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হাসান, হাজিয়ান আদর্শ বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু ফয়েজ মো. রিপন, বিদ্যালয়ের শিক্ষক মো. সাকের আহমেদ ও কমরুন্নেসা সোনিয়া এবং ইয়েস দলনেতা মোহাম্মদ রিয়াদ উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও শিক্ষকসহ ইয়েস এবং এসিজি সদস্যরা অংশগ্রহণ করেন।

এ সময় অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষকসহ সকলকে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জন্নাতুল মাওয়া রদিয়া। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সামনের সড়কে নারী ও কন্যাশিশুর অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনসহ সর্বক্ষেত্রে নারীর সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে টিআইবি প্রদত্ত ১৪টি দাবিও সুস্পষ্টভাবে উপস্থাপন করা হয়।

আলোচনা সভায় বক্তারা জানান, বাংলাদেশের সংবিধানের ২৮(২) অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করার কথা বলা হলেও এখনো নারীরা প্রায় সব ক্ষেত্রে সমান অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী হলেও রাজনীতি ও নির্বাচনসহ প্রায় সর্বক্ষেত্রে নারীরা এখনো চরম অবহেলিত। বক্তারা আরও জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নারী প্রার্থীর সংখ্যা অত্যন্ত হতাশাজনক। এ ছাড়া নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া ও তাদের আইনের আওতায় আনার কঠোর দাবি জানান বক্তারা।