সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় চাঁদাবাজি ও দখলবাজি রুখতে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া নির্দেশ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ মার্চ ২০২৬ | ২:১৪ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ৯৫ হাজার ৮৪০ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সালাহউদ্দিন আহমদ। এর আগেও সালাহউদ্দিন আহমদ এই আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলে যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সালাহউদ্দিন আহমদ বিজয়ী হওয়ার পর ১৩ ফেব্রুয়ারি সকালে দলের চেয়ারম্যানের জরুরি নির্দেশে সরকার গঠনসংক্রান্ত প্রেক্ষাপটের আলোকে তিনি ঢাকায় চলে যান। এরপর ১৮ ফেব্রুয়ারি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর নানা ব্যস্ততার কারণে নিজ এলাকায় আসার সুযোগ পাননি সালাহউদ্দিন আহমদ। অবশেষে পূর্ণমন্ত্রী হিসেবে রোববার (৮ মার্চ) তিনি কক্সবাজারে এসেছেন।

পূর্বনির্ধারিত সরকারি সফরসূচি অনুযায়ী ৮ ও ৯ মার্চ দুই দিনের সফরে কক্সবাজার আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সফরের প্রথম দিন রোববার দুপুরে বেসরকারি একটি বিমানে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গার্ড অব অনার প্রদান করা হয়।

রোববার রাত ৯টায় তিনি নিজের নির্বাচনী এলাকা চকরিয়া উপজেলার পৌর শহরের সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলোতে পৌঁছান এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, এখন সবাইকে সুশৃঙ্খলভাবে থাকতে হবে এবং কেউ কোনো রকমের অন্যায়-অনাচার করতে পারবেন না। কোনো রকম চাঁদাবাজি বা দখলবাজির খবর যেন না আসে, সে বিষয়ে তিনি কঠোর হুঁশিয়ারি দেন। প্রশাসনকে সহযোগিতা করতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, দেশে সুশাসন কায়েম করতে হবে, যাতে মানুষ মনে করে বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসায় মানুষ শান্তিতে থাকবে, উন্নয়ন পাবে এবং শৃঙ্খলা ফিরবে। সেই লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে। কেউ শয়তানি করবেন না, আল্লাহর ওয়াস্তে সবাই জনগণের বন্ধু হিসেবে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এলাকার উন্নয়ন ও অন্যান্য কর্মকাণ্ড তাঁর ওপর ছেড়ে দেওয়ারও আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে রোববার রাত ১০টার দিকে সড়কপথে পেকুয়ায় নিজ বাসভবনের উদ্দেশে রওনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার এবং সাধারণ সম্পাদক এম আব্দুর রহিমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নিজ নির্বাচনী এলাকায় পূর্ণমন্ত্রী হিসেবে আগমন উপলক্ষে চকরিয়া ও পেকুয়া উপজেলায় হাজারো নেতাকর্মী আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। স্বাধীনতার ৫৪ বছরে এই প্রথম কক্সবাজার জেলা থেকে সালাহউদ্দিন আহমদ পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের বিরল সম্মান অর্জন করেছেন।