সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ শাহজাহান চৌধুরীর

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ মার্চ ২০২৬ | ৩:২৮ অপরাহ্ন


দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারাকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে ছড়ানো অপপ্রচার এবং গুজবের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

সোমবার সকাল ১১টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তাগিদ দেন। একটি বিশেষ গোষ্ঠী প্রশাসন, রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এলাকার পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

সভায় শাহজাহান চৌধুরী বলেন, বাংলাদেশ যখন অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি অশুভ শক্তি সেই যাত্রাকে ব্যাহত করতে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কুৎসা রটানো হচ্ছে। যারা এ ধরনের অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কঠোর অবস্থান নেওয়ার জন্য তিনি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

কিছু ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। যারা গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে, তাদেরকে সাংবাদিক হিসেবে নয়, বরং সমাজে অস্থিরতা সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান। এছাড়া সভায় উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি কামরুল হাসান তালুকদার ও আসিফ সিকদার, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে এবং সাতকানিয়া থানার প্রতিনিধি উপপরিদর্শক উত্তম।

সভায় বক্তারা জানান, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, যার ফলে জনমনে মারাত্মক বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার ওপরও তারা গুরুত্বারোপ করেন। আইন-শৃঙ্খলা কমিটির এই সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান, যানজট নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেষে উপজেলার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের ধারা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি টানা হয়।