সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

জ্বালানি ঘাটতিতে সন্দ্বীপের স্পিডবোট চলাচল বন্ধ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৯ মার্চ ২০২৬ | ৩:৫৯ অপরাহ্ন


জ্বালানি সংকটের কারণে চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া নৌরুটে সাময়িকভাবে স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহনকারী প্রতিষ্ঠানগুলো। দেশে ও আন্তর্জাতিক বাজারে অকটেন এবং ডিজেলের সরবরাহ কমে যাওয়ায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে, যার ফলে এই রুটে সন্দ্বীপগামী যাত্রীরা চরম যাতায়াত ভোগান্তিতে পড়েছেন। তবে যাত্রীদের পারাপার পুরোপুরি বন্ধ না রেখে বিকল্প হিসেবে সার্ভিস বোট চলাচল অব্যাহত রাখা হয়েছে বলে ঘাট সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্পিডবোট পরিচালনাকারী প্রতিষ্ঠান আদিল এন্টারপ্রাইজ জানায়, জ্বালানির স্বল্পতার কারণে বর্তমানে স্পিডবোট চালানো তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আর এ কারণেই আপাতত এই রুটে সেবা বন্ধ রাখার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা।

ঘাট কর্তৃপক্ষের পক্ষে গোফরান উদ্দিন বলেন, বর্তমানে অকটেন ও ডিজেলের সরবরাহ স্বাভাবিক না থাকায় স্পিডবোট চালানো যাচ্ছে না। তিনি জানান, যাত্রীদের নিরাপত্তা ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সাময়িকভাবে স্পিডবোট বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই আবার স্পিডবোট সার্ভিস চালু করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

এদিকে স্পিডবোট চলাচলকারী অপর প্রতিষ্ঠান মেরিন সার্ভিসেস লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের স্পিডবোটগুলো সংস্কারের জন্য ডকে রয়েছে। তাই আগে থেকেই তাদের সার্ভিস বন্ধ রয়েছে।

আকস্মিক এই অচলাবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। সন্দ্বীপ অধিকার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শাকিল খান বলেন, হঠাৎ করে স্পিডবোট বন্ধ হয়ে যাওয়ায় সন্দ্বীপের জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করে স্পিডবোট সার্ভিস পুনরায় চালু করার জোর দাবি জানান তিনি।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পাশাপাশি পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত হলে পুনরায় এই নৌরুটে স্পিডবোট চলাচল শুরু করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এই সাময়িক অসুবিধার জন্য যাত্রীসাধারণের কাছে দুঃখ প্রকাশ করে সকলের আন্তরিক সহযোগিতাও কামনা করেছেন তারা।