সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় পিকআপ থামিয়ে শুঁটকি ছিনতাই, বাঁশখালী থেকে উদ্ধার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ মার্চ ২০২৬ | ৮:৩৬ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় পিকআপ ভ্যান থামিয়ে ১৮ লাখ টাকার সামুদ্রিক শুঁটকি লুটের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত ১০টার দিকে পটিয়া বাইপাস সড়কে শুঁটকি ব্যবসায়ী লুৎফুর রহমানের গাড়ি আটকে এই ডাকাতি করা হয়। পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে মো. মামুন এবং মারুফ হাসান রাফী নামের এক কিশোরকে গ্রেপ্তার করার পাশাপাশি ছিনতাই হওয়া পিকআপ ও বিপুল পরিমাণ শুঁটকি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ রোববার রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের কচুয়াই ১ নম্বর ওয়ার্ড এলাকায় একদল ছিনতাইকারী অতর্কিত হামলা চালায়। তারা শুঁটকি ব্যবসায়ী লুৎফুর রহমানের পিকআপ গাড়িটি থামিয়ে লুটপাট শুরু করে। এ সময় ছিনতাইকারীরা একটি পিকআপ, ৪ হাজার ১২০ কেজি বিভিন্ন প্রকার সামুদ্রিক শুঁটকি এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, লুণ্ঠিত এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ ১০ হাজার টাকা।

এই ডাকাতির ঘটনার খবর পেয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) নোমান আহমদ এবং পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দ্রুত মাঠে নামে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে বাঁশখালী এলাকায় একটি ঝটিকা অভিযান পরিচালনা করে তারা।

ওই অভিযানে শুঁটকি লুটপাটের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মো. মামুন এবং ১৪ বছর বয়সী শিশু মারুফ হাসান রাফীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ছিনতাই হওয়া পিকআপ গাড়িটি এবং ৩ হাজার ৩২০ কেজি বিভিন্ন জাতের সামুদ্রিক শুঁটকি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া এই মালামালের আনুমানিক মূল্য ১৬ লাখ ৫০০ টাকা। এই ঘটনায় পটিয়া থানায় লুণ্ঠনের অভিযোগে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুরো অভিযানের বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, বাইপাস সড়কে গাড়ি থেকে মালামাল লুটের খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় সব আলামত সংগ্রহ করে। এরপর টানা অভিযান পরিচালনা করে ঘটনার অল্প সময়ের মধ্যেই লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হই আমরা।

তিনি আরও জানান, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া মো. মামুন ও মারুফ হাসান রাফীকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

রমজান মাস উপলক্ষে মহাসড়কে নিরাপত্তা জোরদার করার কথা জানিয়ে ওসি জিয়াউল হক বলেন, যেকোনো ধরনের অপরাধ দ্রুত দমন করার জন্য পুলিশের বিশেষ টহল দল এখন থেকে সার্বক্ষণিক পাহারায় থাকবে।